১. এই শর্তাবলি সম্পর্কে
এই ওয়েবসাইট ও ডকেটোরা রিনিউ ব্যবহারের বিষয়ে এই শর্তাবলি আপনার ও ডকেটোরা টেকনোলজিসের মধ্যে একটি চুক্তি। কোনো ব্যবসার জন্য রিনিউ ব্যবহার করলে আপনি নিশ্চিত করছেন যে সেই ব্যবসার পক্ষে এই শর্তাবলি মেনে নেওয়ার অধিকার আপনার আছে।
প্রথম পাইলটে থাকা ব্যবসাগুলো আলাদা লিখিত পাইলট শর্তেও সম্মত হয়। দুইয়ের মধ্যে অমিল থাকলে পাইলটের শর্তই প্রযোজ্য হবে।
২. রিনিউ এখন পাইলট পর্যায়ে
অল্প কয়েকটি ব্যবসার সাথে রিনিউ পরীক্ষা করা হচ্ছে। সুবিধা, সীমা ও মূল্য বদলাতে পারে, আর উন্নয়নের কাজ চলার সময় সেবা মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। বড় প্রভাব ফেলবে এমন পরিবর্তনের আগে আমরা ওয়ার্কস্পেসের মালিকদের জানাব।
৩. আপনার অ্যাকাউন্ট
- নিজের আসল নাম এবং যে ইমেইল আপনি নিয়মিত ব্যবহার করেন, তা দিন। সাইন ইন করার আগে ইমেইলটি যাচাই করতে হবে।
- পাসওয়ার্ড গোপন রাখুন। প্রতিটি অ্যাকাউন্ট ব্যক্তিগত: নিজের সাইন-ইন শেয়ার না করে সহকর্মীদের আমন্ত্রণ জানান।
- আপনার অ্যাকাউন্ট থেকে যা করা হয়, তার দায়িত্ব আপনার। অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেছে বলে মনে হলে support@docketora.tech ঠিকানায় জানান।
৪. ওয়ার্কস্পেস ও ভূমিকা
ওয়ার্কস্পেসের দায়িত্ব তার মালিকের: কাকে আমন্ত্রণ জানানো হবে, কার কী ভূমিকা থাকবে এবং কী রাখা হবে। প্রতিটি ওয়ার্কস্পেসে অন্তত একজন মালিক থাকেন। মালিক মালিকানা হস্তান্তর করতে এবং ওয়ার্কস্পেস মুছে ফেলতে পারেন।
৫. আপনার বিষয়বস্তু
- আপনার ডকুমেন্ট, ফাইল ও তথ্য আপনারই থাকে।
- আপনার জন্য রিনিউ চালাতে যতটুকু দরকার, শুধু ততটুকু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রদর্শন ও পাঠানোর অনুমতি আপনি আমাদের দিচ্ছেন — যেমন আপনার টিমকে দেখানো, রিমাইন্ডার পাঠানো, রিপোর্ট তৈরি ও ব্যাকআপ রাখা।
- আপনি নিশ্চিত করছেন যে অন্য মানুষের ব্যক্তিগত তথ্যসহ যা কিছু যোগ করছেন, তা আপলোড করার অধিকার আপনার আছে এবং আইন অনুযায়ী প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা জানিয়েছেন।
৬. গ্রহণযোগ্য ব্যবহার
ওয়েবসাইট বা রিনিউ দিয়ে এগুলো করবেন না:
- বেআইনি কিছু বা ম্যালওয়্যারযুক্ত ফাইল রাখা বা শেয়ার করা;
- অন্য ওয়ার্কস্পেসের তথ্যে প্রবেশের চেষ্টা, নিরাপত্তার সীমা এড়িয়ে যাওয়া, বা আমাদের লিখিত অনুমতি ছাড়া নিরাপত্তা পরীক্ষা করা;
- স্বয়ংক্রিয় উপায়ে সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি, বিঘ্ন ঘটানো বা সেবাটি কপি করা;
- অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো, বা যোগ দিতে রাজি হননি এমন কাউকে আমন্ত্রণ জানানো।
৭. ট্র্যাকিং টুল, পরামর্শ নয়
- আপনার দেওয়া তারিখ ও ডকুমেন্টের হিসাব রিনিউ রাখে। এটি ইস্যুকারী কর্তৃপক্ষের সাথে সেগুলো মিলিয়ে দেখে না, আর আপনি কোনো আইনি শর্ত পূরণ করছেন — এমন প্রত্যয়নও দেয় না।
- রিমাইন্ডার ঠিকমতো কাজ করা নির্ভর করে সঠিক তারিখ এবং ইমেইল ঠিকঠাক পৌঁছানোর ওপর। সময়মতো নবায়নের দায়িত্ব আপনারই; মূল ডকুমেন্টগুলো যত্ন করে রাখুন।
- এই ওয়েবসাইট বা রিনিউর কোনো কিছুই আইনি, কর, হিসাবরক্ষণ বা কমপ্লায়েন্স পরামর্শ নয়। তারিখ ও শর্ত ইস্যুকারী কর্তৃপক্ষ বা একজন যোগ্য পেশাজীবীর কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
৮. প্ল্যান, মূল্য ও পরিশোধ
- নতুন ওয়ার্কস্পেস বিনামূল্যের “ফ্রি” প্ল্যানে শুরু হয়। প্রতিটি প্ল্যানে ব্যবহারকারী ও ডকুমেন্টের সংখ্যার সীমা আছে, আর প্রতিটি ফাইল সর্বোচ্চ ১০ এমবি হতে পারে।
- এই ওয়েবসাইটে দেখানো মূল্য আনুমানিক, কোনো প্রস্তাব নয়। যেকোনো অর্থ পরিশোধের আগে চূড়ান্ত মূল্য ও শর্ত লিখিতভাবে ঠিক করা হবে।
- পাইলট চলাকালে ইনভয়েসের ভিত্তিতে আমরা নিজেরাই পেইড প্ল্যান চালু করে দিই; পরিশোধ করা যায় ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিংয়ে। আমরা কার্ডের তথ্য সংগ্রহ করি না।
৯. সেবার প্রাপ্যতা ও ব্যাকআপ
রিনিউ সচল রাখতে আমরা সচেষ্ট এবং প্রতিদিন এর ডেটাবেসের ব্যাকআপ রাখি, তবে সেবা সবসময় পাওয়া যাবে বা ত্রুটিমুক্ত থাকবে — এমন নিশ্চয়তা দিতে পারি না। গুরুত্বপূর্ণ ডকুমেন্টের নিজস্ব কপি রাখুন।
১০. ব্যবহার বন্ধ করা
- আপনি যেকোনো সময় সেটিংসে গিয়ে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন, আর মালিক হলে ওয়ার্কস্পেসও। এরপর তথ্যের কী হয়, তা আমাদের গোপনীয়তা নোটিশে বলা আছে; মুছে ফেলার আগে এক্সপোর্ট চেয়ে নিন।
- এই শর্তাবলি গুরুতরভাবে বা বারবার লঙ্ঘন করা হলে, অথবা সেবা বা অন্য ব্যবহারকারীদের সুরক্ষার প্রয়োজনে, আমরা আপনার ব্যবহারের সুযোগ স্থগিত বা বন্ধ করতে পারি। সম্ভব হলে আগেই সতর্ক করব এবং তথ্য এক্সপোর্ট করার সময় দেব।
১১. দায়ের সীমা
- আইন যতটুকু অনুমতি দেয়, সেই সীমার মধ্যে নবায়নের সময়সীমা পেরিয়ে যাওয়া, জরিমানা বা দণ্ড, মুনাফার ক্ষতি বা যেকোনো পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী নই।
- আইন যতটুকু অনুমতি দেয়, সেই সীমার মধ্যে আমাদের মোট দায় দাবির আগের ৩ মাসে রিনিউর জন্য আপনি আমাদের যত টাকা পরিশোধ করেছেন, তার মধ্যেই সীমিত।
- আইনে যে দায় সীমিত করা যায় না, এই শর্তাবলির কিছুই তা সীমিত করে না।
১২. এই ওয়েবসাইট
- এই ওয়েবসাইটে তৈরি হচ্ছে বা পাইলটে আছে এমন পণ্যের কথা বলা হয়েছে, আর এর বিষয়বস্তু বদলাতে পারে।
- এই ওয়েবসাইটের স্ক্রিনগুলো নমুনা তথ্যসহ প্রিভিউ। এতে কোনো আসল গ্রাহক বা আসল ডকুমেন্ট নেই।
- ডকেটোরার লোগো ও এই ওয়েবসাইটের বিষয়বস্তু ডকেটোরা টেকনোলজিসের। আমরা আপনাকে বা আপনার পণ্যকে সমর্থন করছি — এমন ধারণা তৈরি হয়, এভাবে এগুলো ব্যবহার করবেন না।
১৩. শর্তাবলিতে পরিবর্তন
আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি; তখন ওপরে নতুন তারিখ দেখাব। বড় কোনো পরিবর্তন কার্যকর হওয়ার আগে ওয়ার্কস্পেসের মালিকদের ইমেইলে জানাব। পরিবর্তনের পরও রিনিউ ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্তাবলি প্রযোজ্য হবে।
১৪. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।
১৫. যোগাযোগ
এই শর্তাবলি নিয়ে প্রশ্ন: info@docketora.tech। রিনিউ নিয়ে সাহায্য: support@docketora.tech।